রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কৃষিপণ্য রপ্তানির আয় ৯৭৮ মিলিয়ন ডলার, খাদ্যশস্য আমদানিতে ব্যয় ২ হাজার ৫৭৬ মিলিয়ন

২০২৫-২৬ অর্থবছরে শুধু গম আমদানিতেই খরচ হয়েছে প্রায় ২ হাজার ৪৭ মিলিয়ন ডলার; রপ্তানি আয়ের প্রায় ২.৬৩ গুণ ব্যয় হয়েছে খাদ্যশস্য আমদানিতে।

বাংলাদেশের কৃষিপণ্যের আমদানি ও রপ্তানির ব্যবধান বিশাল। একদিকে পাট ও পাটজাত পণ্য, আলু, সবজি, ফল ও সুগন্ধি চালসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে দেশ। অন্যদিকে খাদ্যচাহিদা, পশুখাদ্য ও শিল্পের কাঁচামালের জোগান দিতে বিপুল পরিমাণ গম, সয়াবিন, তুলা, ভুট্টা ও ডাল আমদানি করতে হচ্ছে। ফলে রপ্তানি আয় বাড়লেও আমদানির বিপরীতে তা অনেক কম।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৯৭৮.১ মিলিয়ন ডলার, যা প্রায় ১২ হাজার ২৬৬ কোটি টাকার সমান। এর বিপরীতে খাদ্যশস্য আমদানিতে ব্যয় হয়েছে ২ হাজার ৫৭৫.৭ মিলিয়ন ডলার (প্রায় ৩২ হাজার ৩০৩ কোটি টাকা)। এর মধ্যে শুধু গম আমদানিতেই খরচ হয়েছে ২ হাজার ৪৬.৯ মিলিয়ন ডলার (প্রায় ২৫ হাজার ৬৭১ কোটি টাকা)।

অর্থাৎ কৃষিপণ্য রপ্তানি থেকে অর্জিত মোট আয়ের প্রায় ২.৬৩ গুণ অর্থ ব্যয় হয়েছে শুধু খাদ্যশস্য আমদানিতে। এর বাইরে কাঁচা তুলা, সয়াবিন, ভুট্টা ও ডালের মতো পণ্য আমদানিতেও বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে।