দাঁতের চিকিৎসা নিতে গিয়ে উল্টো ভোগান্তিতে পড়ছেন বরিশালের উজিরপুরের রোগীরা। আধুনিক সাজসজ্জা ও চিকিৎসার সরঞ্জাম থাকলেও উপজেলার ১০টি ডেন্টাল ক্লিনিকের স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই। সেখানে বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক ও প্রয়োজনীয় দক্ষ জনবলেরও ঘাটতি রয়েছে বলে অভিযোগ।
উপজেলায় মোট ১৯টি ডেন্টাল ক্লিনিক চলছে। এর মধ্যে ১০টির নাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় নেই। সরেজমিনে দেখা গেছে, হারতা, শোলক, সাতলা ও শিকারপুর এলাকায় অনুমোদনহীন ক্লিনিকের উপস্থিতি বেশি। এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও দক্ষ জনবলের ঘাটতি আছে। বাইরের জাঁকজমক দেখে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই চিকিৎসকের যোগ্যতা ও প্রতিষ্ঠানের বৈধতা সম্পর্কে জানেন না। ভুল চিকিৎসায় দাঁত হারানোর অভিযোগও করেছেন কয়েকজন রোগী।
অনুমোদনহীন ক্লিনিকগুলো উপজেলার বিভিন্ন বন্দর ও বাজারে অবস্থিত। এর মধ্যে রয়েছে হারতা, ধামুরা, সাতলা, জল্লা, বড়াকোঠা, ওটরা, বামরাইল, শিকারপুর ও গুঠিয়া এলাকার ক্লিনিক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আক্তার বলেন, গত বছরের জুলাইয়ে কয়েকটি অনুমোদনহীন ক্লিনিক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিছু ক্লিনিক বন্ধ হলেও অন্যগুলো চালু রয়েছে। তিনি আরও জানান, তদন্তে একটি ক্লিনিকেরও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।