শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আরও ১২ কারখানা পেল লিড সনদ, সবুজ কারখানার সংখ্যায় ৩০২ নিয়ে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের সনদ পাওয়া কারখানার মধ্যে বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ১০০টির ৫৩টিই বাংলাদেশে।

পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা। এ নিয়ে দেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৩০২টিতে; সংখ্যার দিক থেকে বিশ্বের সব দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে নয়টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড ৯৭ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ স্কোর করেছে। প্লাটিনাম সনদ পাওয়া অন্য কারখানার মধ্যে রয়েছে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস (৯১ পয়েন্ট), প্রবৃদ্ধি অ্যাপারেলস (৮৮) ও এল ইউসিন ফ্যাশন (৮৫), নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং (৮৬), চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার (৮৪) ও কেডিএস অ্যাপারেলসের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট (৮২)। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার পুরোনো অংশের প্যাক্সার বাংলাদেশ এবং গাজীপুরের এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডও ৮২ পয়েন্ট করে পেয়েছে।

গোল্ড সনদ পেয়েছে নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট (৬৮ পয়েন্ট), চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড (৬৬) এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ (৬৪)।

সংকলিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। এ ছাড়া বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।

লিড সনদ পরিবেশবান্ধব ভবন ও শিল্পকারখানার একটি আন্তর্জাতিক স্বীকৃতি। জ্বালানি ও পানির সাশ্রয়, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের অভ্যন্তরীণ পরিবেশের গুণগত মানসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে এটি দেওয়া হয়। এ অর্জন দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার অগ্রগতির উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।