সিরাজগঞ্জের কাজিপুরে ব্যবসায়ী মজনু মিয়াকে অপহরণের পর হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখার মামলায় জামাল উদ্দিন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে; অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জামাল উদ্দিন কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের মৃত অহেজ উদ্দিনের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ মামলার বরাত দিয়ে জানান, কাজিপুরের মেঘাই গ্রামের মজনু মিয়া ধান, পাট, গম ও ভুট্টার ব্যবসা করতেন। জামাল উদ্দিনের নগদ মূলধন না থাকায় তিনি ব্যবসা চালাতে পর্যায়ক্রমে মজনু মিয়ার কাছ থেকে ১২ লাখ টাকা নেন। ব্যবসার লাভ দুজনে ভাগ করে নিতেন।
ছয় মাস ধরে জামাল উদ্দিন পাওনা টাকা ও ব্যবসার হিসাব না দেওয়ায় দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। ২০১৬ সালের ২ এপ্রিল ভুট্টা কেনার কথা বলে তিনি মজনু মিয়াকে যমুনা নদীর মাইজবাড়ি চরে ডেকে নিয়ে যান। এরপর মজনু মিয়া আর বাড়ি ফেরেননি।
খোঁজাখুঁজি করে না পেয়ে মজনু মিয়ার স্ত্রী রূপালী খাতুন বাদী হয়ে জামাল উদ্দিনকে আসামি করে কাজিপুর থানায় অপহরণ মামলা করেন। পুলিশ জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে প্রসিকিউটর জানান।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে যমুনার চর থেকে বালুতে পুঁতে রাখা মজনু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ বিচার শেষে আদালত জামাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।