চলতি অর্থবছরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম। গত ১৫ অক্টোবর এফআরসির কাউন্সিল সভায় ২০২৬-২৭ অর্থবছরের নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুমোদিতদের মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরিতে রয়েছেন ৬৯২ জন নিরীক্ষক ও ২৪১টি ফার্ম। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরিতে রয়েছেন ৩৮ জন সিএমএ ও ২৮টি সিএমএ ফার্ম।
তালিকাভুক্তির জন্য মোট ১ হাজার ৩৬টি আবেদন জমা পড়েছিল। নানা অনিয়মের কারণে এর ১২টি বিবেচনায় নেওয়া হয়নি এবং ২৫টি আবেদন অপেক্ষমাণ রাখার সিদ্ধান্ত হয়েছে।
তালিকাভুক্ত নিরীক্ষকেরাই পাবলিক ইন্টারেস্ট এনটিটির (পিআইই) নিরীক্ষা করতে পারেন। এফআরসির ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, আগের অর্থবছরে বার্ষিক রাজস্ব ৫০ কোটি টাকা বা তার বেশি হলে প্রতিষ্ঠানটি পিআইই হিসেবে গণ্য হয়। রাজস্ব কম হলেও কমপক্ষে ৫০ কর্মী, ৩০ কোটি টাকার বেশি সম্পদ এবং ইকুইটি বাদে ১০ কোটি টাকার বেশি দায়—এই তিন শর্তের যেকোনো দুটি পূরণ করলে প্রতিষ্ঠানটি পিআইই হবে। ব্যাংক, তালিকাভুক্ত কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি এসব সীমা ছাড়াই পিআইই।
সংশ্লিষ্টদের ধারণা, দেশে প্রায় ৮ হাজার পিআইই রয়েছে। আরজেএসসিতে নিবন্ধিত প্রায় ৩ লাখ কোম্পানির মধ্যে সক্রিয় ৬০ থেকে ৬৫ হাজার, আর কোম্পানি আইন অনুযায়ী এদের প্রতিবছর আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করানো বাধ্যতামূলক।