রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

স্কুলে ভর্তিতে লটারি বহালের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ, প্রথম শ্রেণিতে লটারি ও বাকি শ্রেণিতে পরীক্ষার সিদ্ধান্ত বহাল

হাইকোর্ট বলেছে, সরকারের নীতিমালা প্রণয়নে তারা হস্তক্ষেপ করবে না; ফলে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত কার্যকর থাকছে।

দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল রাখার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।

ফলে প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি থাকবে। আর দ্বিতীয় থেকে বাকি শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে ভর্তির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বহাল ও কার্যকর থাকবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৬ মার্চ এক স্মারকে সারা দেশে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি বাতিলের কথা জানায়। পরে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে; শুধু প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি নেওয়া হবে।

স্মারকটি নিয়ে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ আবেদনকারী হয়ে গত ৭ অক্টোবর রিটটি করেন। ১৪ অক্টোবর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য উঠলে আদালত সেদিন রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। এরপর চলতি মাসে এটি নিয়মিত বেঞ্চে উপস্থাপন করা হলে আজ শুনানি হয়।

রিট আবেদনকারীপক্ষের আইনজীবী জাহিদুর রহমান তালুকদার জানান, সরকারের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না জানিয়ে আদালত রিটটি খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, আবেদনকারীর সঙ্গে আলোচনা করে তাঁর অভিপ্রায় অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল; এরপর থেকে এই পদ্ধতিই চালু ছিল। আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা গত ১৩ অক্টোবর জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।