শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

খুলনা রেলস্টেশনের দেয়ালচিত্রে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, পাশে পোস্টার; সিটি প্রশাসকের নিন্দা, অজ্ঞাতদের খুঁজছে পুলিশ

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিটি করপোরেশনের আঁকানো দেয়ালচিত্রের মধ্যে শুধু কবির মুখ ঢাকা পড়েছে কালিতে; এখনো কাউকে শনাক্ত করা যায়নি।

খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। কারা এ কাজ করেছে, তা এখনো জানা যায়নি। ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, দেয়ালে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়সহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছে। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখ কালিতে ঢাকা। প্রতিকৃতির দুই পাশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনামের দুটি পোস্টার লাগানো রয়েছে, যাতে রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে বিভিন্ন বক্তব্য লেখা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এসব দেয়ালচিত্র আঁকিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও এগুলো নিয়ে ইতিবাচক আলোচনা চলছিল।

কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পর্যটকদের পরিচিত করাতেই গুরুত্বপূর্ণ দেয়ালে গ্রাফিতি ও প্রতিকৃতি আঁকা হয়েছে। যারা কালি লেপন করেছে, তারা নিজেদের সংকীর্ণ মনন ও অসুস্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করে তিনি জানান, সেখানে আবার ভালো করে রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকা হবে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, কারা এ কাজ করেছে তা এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে। শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, রবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদি নিবাস খুলনায় এবং তাঁর শ্বশুরবাড়িও এ জেলায়, তাই খুলনায় তাঁর প্রতিকৃতিতে কালি দেওয়া খুলনাবাসীর জন্য লজ্জার বিষয়।

এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় করা মামলায় তাঁদের রিমান্ডে নেওয়া হয়েছিল।