রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

সুন্দরবনের দুবলার চরে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

শুক্রবার দুপুরে আলোরকোল সি-বিচে ঢেউয়ে তলিয়ে যাওয়া ময়মনসিংহের তরুণের লাশ শনিবার রাতে পাওয়া গেছে।

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সি-বিচের পাশ থেকে নিখোঁজ পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৮) লাশ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে লাশ উদ্ধার করা হয়। রিয়াজ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে।

শুক্রবার দুপুরে সমুদ্রে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে বন বিভাগের সদস্যরা কোস্ট গার্ডের সঙ্গে সমুদ্র ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আসছিলেন। শনিবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আলোরকোল সি-বিচের পাশ থেকে বন বিভাগের সদস্যরা তাঁর লাশ পান।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের কাঠের তৈরি একটি পর্যটকবাহী ছোট লঞ্চে ১৯ জনের একটি দল সুন্দরবনে ভ্রমণে আসে। গত ৫ নভেম্বর সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের অনুমতিপত্র নিয়ে তারা মান্দারবাড়ী নৌপথ দিয়ে বনে প্রবেশ করে। বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার বেলা ১২টার দিকে লঞ্চটি দুবলার চরের আলোরকোলে পৌঁছায়। পর্যটকেরা ট্রলারে করে চরে নামেন। একপর্যায়ে রিয়াজসহ কয়েকজন সৈকতে গোসল করতে নামেন। সে সময় সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ তলিয়ে যান।

ঘটনার পরপরই আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। পরে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। সাগর উত্তাল থাকায় প্রথম দিন তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।