রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিকে চিঠি মেটার, মন্ত্রী বললেন ইতিবাচকভাবে দেখছেন

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান টেলিযোগাযোগ লাইসেন্স ছাড়া নিজস্ব পপ বসাতে এবং সাবমেরিন কেবলের সঙ্গে সরাসরি সংযোগ নিতে চায়।

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি চেয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। সম্প্রতি মেটার পক্ষে এজ নেটওয়ার্ক সার্ভিসেস লিমিটেড বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক লিখিত অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫-এর আওতায় মোট তিনটি বিষয়ে অনুমোদন চাওয়া হয়েছে।

চিঠিতে মেটা জানিয়েছে, এই আবেদন পুরো টেলিযোগাযোগ খাতের জন্য লাইসেন্স থেকে অব্যাহতি চাওয়ার উদ্দেশ্যে নয়; শুধু প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য লিখিত অনুমোদন চাওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি স্থানীয় অংশীদারদের মাধ্যমে নিজস্ব পপ (পয়েন্ট অব প্রেজেন্স) সরঞ্জাম স্থাপন, মালিকানা গ্রহণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের অনুমতি চেয়েছে। তারা প্রচলিত টেলিযোগাযোগ লাইসেন্স নিতে চায় না। পপ হলো নেটওয়ার্কের একটি সংযোগকেন্দ্র, যার মাধ্যমে ব্যবহারকারীদের কাছাকাছি থেকে ডিজিটাল কনটেন্ট ও সেবা সরবরাহ করা যায়।

মেটা এসব সরঞ্জাম নিজেদের পছন্দ অনুযায়ী কোনো ক্যারিয়ার-নিউট্রাল ডেটা সেন্টার বা তৃতীয় পক্ষের অবকাঠামোতে বসাতে চায়। পাশাপাশি দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পপগুলোর মধ্যে এবং সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনের সঙ্গে ডেটা পরিবহনের জন্য প্রয়োজনীয় ট্রান্সমিশন সক্ষমতা ব্যবহারের অনুমতিও চেয়েছে। চিঠিতে বাংলাদেশে স্থাপিত পপের সঙ্গে মেটার আন্তর্জাতিক ব্যাকবোন নেটওয়ার্কের সরাসরি সংযোগের অনুমতি এবং এ জন্য আলাদা ইন্টারকানেকশন লাইসেন্স বা বাড়তি নিয়ন্ত্রক অনুমোদন লাগবে না, এমন নিশ্চয়তাও চাওয়া হয়েছে। এ ছাড়া দেশের আইএসপি, আইআইজি ও মোবাইল নেটওয়ার্ক অপারেটরসহ অন্য অপারেটরদের সঙ্গে সরাসরি ডেটা আদান-প্রদানের অনুমতিও চেয়েছে মেটা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বিষয়টিকে তাঁরা ইতিবাচকভাবেই দেখছেন। তাঁর ভাষ্য, দেশে মেটার নিজস্ব অবকাঠামো স্থাপিত হলে ব্যবহারকারীরা যেসব কনটেন্ট দেখেন, সেগুলো দেশেই সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে; ফলে অন্য দেশের ইন্টারনেট ট্রাফিক পরিচালনার প্রয়োজনীয়তা কমে আসবে। মন্ত্রী আরও বলেন, স্থানীয় কার্যালয় প্রতিষ্ঠা এবং মেটার প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও এটি প্রথম ধাপ হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান নেপোলিয়নক্যাটের হিসাবে, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর আনুমানিক সংখ্যা ৭ কোটি ৭১ লাখ; ২০১৯ সালে এ সংখ্যা ছিল প্রায় তিন কোটি। বিপুলসংখ্যক ব্যবহারকারী ও বড় বিজ্ঞাপনের বাজার থাকলেও বাংলাদেশে মেটার পূর্ণাঙ্গ নিজস্ব কার্যালয় নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর আলোচনা বাস্তবায়িত হলে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে কনটেন্ট বুস্ট ও বিজ্ঞাপনের মূল্য পরিশোধের সুযোগ তৈরি হতে পারে।