ফিলিপাইনে প্রশিক্ষণ মহড়ার সময় দুটি সামরিক প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার ব্যাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো এয়ার বেসে এ ঘটনা ঘটে। শনিবার ফিলিপাইনের বিমানবাহিনী এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন জে কাপিঙ্গুইয়ান জানান, ইতালির তৈরি দুটি মারকেত্তি এসএফ-২৬০ প্রশিক্ষণ বিমান ঘাঁটির সীমানার ভেতরেই বিধ্বস্ত হয়। বিমানবাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমান দুটি আকাশপথে প্রদর্শনী উড্ডয়নের (ফ্লাইবাই) মহড়া দিচ্ছিল। একক প্রপেলারযুক্ত এসএফ-২৬০ বিমান পাইলটদের উন্নত উড্ডয়নের প্রশিক্ষণ ও যোগ্যতা অর্জনে ব্যবহার করা হয়।
বিমানবাহিনীর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি। নিহত চার পাইলটের পরিচয় তাঁদের পরিবারের অনুরোধে আপাতত প্রকাশ করা হয়নি। বিমানবাহিনী পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। একই সঙ্গে নিহত পাইলটদের দায়িত্ব পালন ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবাহিনীর বহরে থাকা অন্য এসএফ-২৬০ বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে আরও তথ্য আপাতত জানায়নি বিমানবাহিনী।
ফিলিপাইনের সামরিক বিমান বিগত বছরগুলোয় বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনায় পড়েছে। এর আগে গত মে মাসে উত্তর ফিলিপাইনের বেনগুয়েত প্রদেশে আরেকটি এসএফ-২৬০ বিমান প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হলে দুজন সামরিক পাইলট নিহত হয়েছিলেন।