মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

স্কুল-কলেজ জাতীয়করণের খসড়া নীতিমালায় পাসের হারের শর্ত বাদ, যুক্ত হচ্ছে ন্যূনতম ২৫ বছর বয়সের শর্ত

শিক্ষা মন্ত্রণালয়ের সভায় খসড়া নীতিমালায় সংযোজন-বিয়োজন করা হয়েছে; শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টার অনুমোদনের পর গেজেট আকারে জারি হবে।

স্কুল-কলেজ জাতীয়করণের শর্ত শিথিল করা হচ্ছে। নতুন খসড়া নীতিমালা থেকে শিক্ষার্থীদের পাসের হারের বিষয়টি বাদ দেওয়া হচ্ছে। তবে আগের পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলে ভালো করা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। একই সঙ্গে খসড়ায় নতুন করে প্রতিষ্ঠানের ন্যূনতম ২৫ বছর বয়সের শর্ত যুক্ত করা হয়েছে।

আগের খসড়া নীতিমালায় মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ৯০ শতাংশ অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছিল। এ ছাড়া পাবলিক পরীক্ষায় উত্তীর্ণের ন্যূনতম হার মাধ্যমিকে ৯০ শতাংশ, উচ্চ মাধ্যমিকে ৮০ শতাংশ এবং স্নাতক (পাস) পর্যায়ে ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খসড়া নীতিমালায় এসব শর্ত সংযোজন ও বিয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনের অনুমোদনের পর নীতিমালাটি গেজেট আকারে জারি করা হবে।

সভায় নীতিগতভাবে চূড়ান্ত হওয়া খসড়ায় বলা হয়েছে, জাতীয়করণের জন্য প্রস্তাবিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল ন্যূনতম ২৫ বছর হতে হবে। প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ, সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত টয়লেট ও প্রয়োজনীয় ভৌত অবকাঠামো থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনে র‍্যাম্প রাখতে হবে।

অন্য শর্তের মধ্যে রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান সরকারীকরণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সম্ভাব্যতা যাচাই এবং সরকারপ্রধানের নীতিগত অনুমোদন নিতে হবে। সরকারপ্রধানের চূড়ান্ত অনুমোদনের আগে বিধি অনুযায়ী অর্থ বিভাগের সম্মতি লাগবে। সরকারীকরণের পর প্রতিষ্ঠানের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে সরকারের অনুকূলে হস্তান্তরিত হয়েছে বলে গণ্য হবে। জনস্বার্থে সরকার যেকোনো এমপিওভুক্ত প্রতিষ্ঠান সরকারীকরণ করতে পারবে; সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব দখল ও মালিকানায় খেলার মাঠসহ পর্যাপ্ত, শর্তমুক্ত ও অখণ্ড জমি থাকতে হবে।