রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় স্বামীর ছোড়া এসিডে গুরুতর দগ্ধ এক নারীর খোঁজখবর নিতে তাঁর বাসায় গিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ভুক্তভোগীর বাসায় পৌঁছান।
সেখানে গিয়ে পুলিশ কমিশনার ভুক্তভোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন। তাঁর প্রতি সমবেদনা জানিয়ে কমিশনার বলেন, ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই কঠিন সময়ে পুলিশ তাঁর পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের চিকিৎসা, আইনগত সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, ভুক্তভোগীর সন্তানের যথাযথ পরিচর্যা ও দেখভালের বিষয়টিও বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান, বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নারীর প্রতি সহিংসতা ও এসিড সন্ত্রাসের বিরুদ্ধে আরএমপির দৃঢ় অবস্থানের কথা জানিয়ে পুলিশ কমিশনার বলেন, অপরাধের শিকার ব্যক্তিদের নিরাপত্তা, আইনগত সহায়তা এবং মানবিক প্রয়োজনে পাশে থাকার বিষয়ে পুলিশ অঙ্গীকারবদ্ধ।