কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে অন্তত ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্স খোলার পর এখন গণনার কাজ চলছে। মসজিদ কর্তৃপক্ষ আশা করছে, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এর আগে সর্বশেষ দানের সিন্দুক খুলে অন্তত ৪৩ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।
সকালে কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকার মসজিদটিতে গিয়ে দেখা যায়, প্রথমে লোহার দানবাক্স থেকে টাকা সংগ্রহ করে বস্তায় ভরা হয়। পরে সেগুলো মেঝেতে ঢেলে গণনা শুরু হয়। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে গণনায় অংশ নিয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে কাজ করছেন স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হকসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক জানান, মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালানোর পর দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ পর্যন্ত মসজিদের তহবিলে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। জমা অর্থের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয় এবং অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদেরও সহায়তা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সর্বশেষ ১২ অক্টোবর মসজিদটির দানবাক্সে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ প্রায় ২৫ কেজি সোনা-রুপা পাওয়া গিয়েছিল। বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। আজকের টাকা গণনা শেষে আগের টাকার সঙ্গে এই অর্থও ব্যাংকে জমা হবে।
নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা এই মসজিদে দান করলে মনের আশা পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস আছে। সেই বিশ্বাস থেকে দূরদূরান্তের মানুষ এখানে দান করতে আসেন। নির্দিষ্ট সময় পরপর দানসিন্দুক খুলে বিপুল পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।