চাঁদপুরের ইলিশের নাম ভাঙিয়ে অনলাইনে প্রতারণা ঠেকাতে এখন থেকে ফেসবুকসহ অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির জন্য লাইসেন্স বাধ্যতামূলক করছে জেলা প্রশাসন। গত বুধবার প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর জেলা সুস্বাদু ইলিশের জন্য বিখ্যাত। ইলিশের স্বাদ অক্ষুণ্ন রাখা, মূল্য নিয়ন্ত্রণ ও জেলার মান ধরে রাখতে প্রশাসন নানা উদ্যোগ নিচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী চাঁদপুরের ইলিশের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এ ধরনের প্রতারণা ঠেকাতেই অনলাইনে ইলিশ বিক্রেতাদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী, অনলাইনে ইলিশ বিক্রিতে আগ্রহী ব্যবসায়ীদের নির্ধারিত ফরমে ১৫ নভেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে হবে। যোগ্যতা সাপেক্ষে পরিশিষ্ট-খ-তে বর্ণিত কাগজপত্র জমা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স নিতে হবে।
জেলা মৎস্য বণিক সমিতি, জেলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদপুরের ইলিশের নাম করে দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইনে প্রতারণা করে আসছিল। পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ পর্যন্ত বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে এবং নড়াইল থেকে নয়জনসহ মোট ১১ জন প্রতারককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, এখন থেকে ইলিশ নিয়ে প্রতারণার সুযোগ থাকবে না; অনলাইনে ইলিশ বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের আশা, এতে ক্রেতারা অনলাইনে ইলিশ কিনতে গিয়ে প্রতারণা থেকে রক্ষা পাবেন।