মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বান্দরবানের লামায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু, আহত দুই শিশু হাসপাতালে

সোমবার বিকেল পাঁচটার দিকে লামা উপজেলার দুটি এলাকায় বজ্রপাতের ঘটনায় ৪০ বছর বয়সী একজন ও ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। সোমবার বিকেল পাঁচটার দিকে হ্লাথুই পাড়া (২ নম্বর ওয়ার্ড) ও বড়ছনখোলা (৫ নম্বর ওয়ার্ড) এলাকায় আলাদা এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন হ্লাথুই পাড়ার খিয়াংচিং মার্মা ও মাবু মার্মানীর ছেলে মং প্রু মার্মা (৪০) এবং বড়ছনখোলা এলাকার মো. ছাদেক ও বেবী আক্তারের ছেলে মো. সজিব (১১)। আহতরা হলো বড়ছনখোলা এলাকার সাদ্দাম হোসেন ও আমেনা বেগমের ছেলে নুর মনু (১২) এবং শহীদুল্লাহ ও মর্জিনা বেগমের ছেলে মোহাম্মদ হানিফ (৮)। তাদের চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হ্লাথুই পাড়ার বাসিন্দা হেডম্যান ঞিহ্লা মার্মা বলেন, বিকেল পাঁচটার দিকে মং প্রু মার্মা বাবাসহ বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময়ে বড়ছনখোলা এলাকায়ও বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শিশু সজিবের বাবা ছাদেক বলেন, বজ্রপাতের সময় সজিব বাড়ির উঠানে আরও কয়েকটি শিশুর সঙ্গে খেলছিল।