সিলেট নগরীর উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যেই নগরীর ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। শুক্রবার রাতে নগরীর মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত টেক্সটাইল রোডের আরসিসি সড়ক, দুই পাশে ড্রেন, ফুটপাথ ও সীমানা প্রাচীর নির্মাণকাজ শেষে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার কয়েক দিন পর সিলেট সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসক তাঁকে পরিসংখ্যান দিয়ে জানিয়েছিলেন, সিলেটের ৪২টি ওয়ার্ডে মোট সড়ক প্রায় ৮০০ কিলোমিটার, যার মধ্যে গত ৫৫ বছরে ৪০০ কিলোমিটারের কিছু বেশি সড়ক নির্মিত হয়েছে। মুক্তাদির বলেন, ‘আমাদের এখনকার চেষ্টা হলো, আরও ৫৫ বছর না লাগিয়ে আগামী পাঁচ বছরের মধ্যেই ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণ সম্পন্ন করা।’ এ লক্ষ্যে সিটি করপোরেশনের মাধ্যমে ধারাবাহিকভাবে উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
উদ্বোধন করা সড়কটির বিবরণ দিয়ে মন্ত্রী বলেন, প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি দুই ভাগে উন্নয়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে এক হাজার ৪৮০ মিটার, অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হয়েছে। আগে সড়কটির প্রস্থ ছিল ১৮ ফুট, যা বাড়িয়ে ৩০ ফুট করা হয়েছে। পাশাপাশি এক হাজার ৬৫০ মিটার ফুটপাথ ও ড্রেন নির্মাণের কাজও শেষ হয়েছে।
সিটি করপোরেশনের কাজের প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রায় প্রতি সপ্তাহেই এক বা দুটি সড়ক উদ্বোধন করা সম্ভব হচ্ছে। তাঁর ভাষ্য, নগর উন্নয়নে একটি বড় প্রকল্প নেওয়ার চেষ্টা চলছে। এর মাধ্যমে চলতি শীত মৌসুম ও পরবর্তী সময়ে ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়ন করে সম্প্রসারিত ও নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।