সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণ সম্মেলন আয়োজন করেছে সরকার। রোববার ও সোমবার, অর্থাৎ ১৫ ও ১৬ নভেম্বর কক্সবাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে। কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে দুই দিনব্যাপী সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে।
সম্মেলনে মোট সাতটি অধিবেশন হওয়ার কথা। এসব অধিবেশনে সরকারি ঋণ ব্যবস্থাপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ঋণ গ্রহণের কৌশল, স্থানীয় বন্ড বাজারের উন্নয়ন এবং বিকল্প অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। দেশ-বিদেশের বিশেষজ্ঞ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নীতিনির্ধারকেরা আলোচনায় অংশ নেবেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের সরকারি ঋণ ক্রমাগত বাড়ছে, একই সঙ্গে সুদ ও ঋণ পরিশোধের চাপও বাড়ছে। তাই শুধু ঋণ নেওয়ার পরিমাণ নয়, ঋণের ব্যয়, মেয়াদ, ঝুঁকি ও ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোও জরুরি হয়ে উঠেছে। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য আলাদা ও কার্যকর কাঠামো গড়ে তোলা। এ লক্ষ্যে ডেট ম্যানেজমেন্ট অফিস বা ঋণ ব্যবস্থাপনা কার্যালয় (ডিএমও) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আলোচনা হবে।
বর্তমানে ঋণ গ্রহণ, ঋণের তথ্য সংরক্ষণ, ঝুঁকি বিশ্লেষণ ও ঋণ পরিশোধের পরিকল্পনার দায়িত্ব সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে বণ্টিত। বিশ্বের বিভিন্ন দেশে ডিএমও ঋণের সামগ্রিক চিত্র বিশ্লেষণ, ঋণ গ্রহণের কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলার কাজ করে। আয়োজকদের আশা, এসব বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ করণীয় ঠিক করতে সহায়ক হবে।