ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রমে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের লক্ষ্যে রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রোববার বেলা ১১টায় তিনি সাহেব বাজার সিটি করপোরেশন মার্কেটের কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং দ্বিতীয় তলায় থাকা বিভিন্ন পরিত্যক্ত দোকান ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন রাসিক প্রশাসক। মার্কেটের অব্যবহৃত ও পরিত্যক্ত জায়গাগুলো কাজে লাগিয়ে তাঁদের পুনর্বাসনের ওপর তিনি গুরুত্ব দেন।
এ সময় কাঁচাবাজার, মাছপট্টি ও মাংসপট্টিসহ সংশ্লিষ্ট মার্কেটগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং সেগুলো নতুনভাবে নির্মাণের পরিকল্পনার কথাও জানান মাহফুজুর রহমান রিটন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দিকনির্দেশনাও দেন তিনি।
রাসিক প্রশাসক এর আগে বলেছেন, ফুটপাত দখলমুক্ত রাখতে হকারদের সেখান থেকে সরে যেতে হবে, তবে তাঁরা পুনর্বাসনের সুযোগও পাবেন। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী সাহেব বাজারের কাঁচাবাজার ও মাছপট্টির দ্বিতীয় তলায় অবহেলায় পড়ে থাকা প্রায় ৮৯টি দোকান কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে। পুনর্বাসনের সময়সীমা, কতজন হকার এর আওতায় আসবেন কিংবা নতুন জায়গার বিস্তারিত এখনো জানানো হয়নি।