ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া ভাঙার তাকিয়া এলাকার একটি ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা ঝোপের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উদ্ধার হওয়া যুবকের নাম মো. আবদুল্লাহ আল আমিন (৩০)। তিনি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের বাসিন্দা এবং জাতীয়তাবাদী তাঁতী দলের সোনাগাজী উপজেলা শাখার সদস্যসচিব। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে সোনাগাজী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
জিডিতে বলা হয়েছে, বুধবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় সোনাগাজী বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন আল আমিন; এরপর আর ফেরেননি। ওই দিন রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়।
আল আমিনের চাচা আবদুল হক নোমান জানান, শুক্রবার মধ্যরাতে পুলিশ তাঁদের উদ্ধারের খবর দেয়। আল আমিনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে এবং তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না। সুস্থ হওয়ার পর তাঁর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন। সোনাগাজী উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আবদুল হক নোমান ঘটনার তদন্ত করে জড়িতদের দ্রুত আটকের দাবি জানিয়েছেন।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার তথ্য অনুসন্ধানে পুলিশ কাজ করছে।