খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাওয়ার আগে দুর্বৃত্তরা ভবনের বাইরের ও ভেতরের দেয়ালে লাল কালিতে ‘যুবলীগ’ লিখে যায়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। তারা সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়ায়নি; কিছুক্ষণ জ্বলার পর আপনা-আপনি নিভে যায়।
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পেট্রলবোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল, তাতে বড় কোনো ক্ষতি হয়নি; শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। যে মোটরসাইকেল থেকে বোমাটি ছোড়া হয়েছে, সেটি শনাক্ত করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ দলের কোনো কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। দেয়ালে ‘যুবলীগ’ লেখা হামলাকারীরাই লিখেছে কি না, সে বিষয়ে তিনি বলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।