গাজীপুরের কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে আছিয়া আক্তার (৩০) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আছিয়া আক্তার কালিয়াকৈরের নিশ্চিন্তপুরের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি স্থানীয় ইকোটেক্স কারখানায় সেলাই অপারেটর হিসেবে কাজ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিশ্চিন্তপুর এলাকায় সৈয়দ সুলতান শাহ নামে এক ব্যক্তির মাটির ঘরের টিন পাল্টানোর কাজ করছিলেন মিস্ত্রিরা। টিন পাল্টানোর একপর্যায়ে ওই ঘরের এক পাশের মাটির দেয়াল হঠাৎ পাশের বাড়ির রান্নাঘরের ওপর গিয়ে পড়ে। তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন আছিয়া আক্তার। দেয়ালের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই গুরুতর আহত অবস্থায় আছিয়াকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।