সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে পেট্রল বোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। বুধবার দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। আগুনে দুটি ছাগলও মারা গেছে।
পুলিশ কর্মকর্তা জানান, নুসরাত তাবাসসুমের বাবা-মা ওই বাড়ি থেকে ২০ থেকে ৩০ হাত দূরে আরেকটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। সেখানে আগুন লাগেনি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি বলেও তিনি জানান।
এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়েছে, “আওয়ামী সন্ত্রাসীরা” বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করেছে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক ফেসবুক পোস্টে পেট্রল বোমা হামলার কথা বলেছেন। হামলাকারীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেও অভিযোগ করেন, তাঁর বাড়িতে পেট্রল বোমা মারা হয়েছে। তিনি লেখেন, “কারা মেরেছে জানি না।” পোস্টে তিনি আরও লেখেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।”
নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক তথ্যে কিছু জানা যায়নি।