সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকা থেকে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, শনিবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন সুরাইঘাট সীমান্ত চৌকির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। সীমান্তের মেইন পিলার ১৩১৭ থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে কানাইঘাটের নুনছড়া চা-বাগান এলাকায় তল্লাশির সময় এসব বিস্ফোরক দ্রব্য পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার করা বিস্ফোরকের উৎস ও মালিকানা শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বিশেষ টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির বক্তব্য অনুযায়ী, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি।