ঢাকা-বরিশাল রুটে চলাচলের জন্য কেনা দুটি নতুন যাত্রীবাহী জাহাজ নয় মাস ধরে সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে আছে। ৬৮ কোটি টাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে কেনা এমভি রূপসা ও এমভি সুগন্ধা এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বহরে যুক্ত হয়েছিল। কিন্তু যাত্রীসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজ দুটি চলছে না, উল্টো নিয়মিত খরচ বাড়াচ্ছে সংস্থার।
সব মিলিয়ে ১২২ কোটি টাকা ব্যয়ে কেনা চারটি জাহাজ এখন অলস। লোকসান কমাতে সরকার এগুলো বিকল্প কাজে লাগাতে চায়। ১৭ নভেম্বর সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের ত্রিপক্ষীয় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আলোচনায় এসেছে, হাওর, দ্বীপাঞ্চল ও চরাঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দিতে তিনটি জাহাজকে ভাসমান হাসপাতালে রূপান্তর করা যেতে পারে।
প্রস্তাব অনুযায়ী একটি জাহাজ হবে চক্ষুচিকিৎসার, একটি মা ও শিশুস্বাস্থ্যের এবং একটি অর্থোপেডিক সার্জারির বিশেষায়িত হাসপাতাল। প্রতিটিতে বহির্বিভাগের সেবার পাশাপাশি মেডিসিনের চিকিৎসক থাকবেন। চতুর্থ জাহাজটি নৌপরিবহন মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য রাখার ভাবনা রয়েছে। সভায় আরও আলোচনা হয়েছে যে জাহাজের কাঠামোয় পরিবর্তন করা যাবে না; শুধু একটি সিঁড়িকে রোগীদের জন্য র্যাম্প পদ্ধতিতে রূপান্তর এবং খালি জায়গায় পার্টিশন দিয়ে কক্ষ তৈরি করা যেতে পারে।
নৌপরিবহন সচিব আতাউর রহমান খান বলেন, জাহাজগুলো এভাবে দিনের পর দিন পড়ে থাকতে পারে না, তাই বিকল্প ব্যবহারের চিন্তা চলছে। তাঁর ভাষ্য, মন্ত্রণালয় শুধু জাহাজ দিতে পারে, চিকিৎসক-নার্স আসবেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আবদুল বারী ড্যানী বলেন, পদ্মা সেতু চালুর পর জাহাজের চাহিদা কমেছে, মানুষ সড়কপথে বেশি যাতায়াত করছে, ফলে আয়ও কমেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, প্রত্যন্ত অঞ্চলে যেতে চিকিৎসক ও নার্স রাজি হবেন কি না, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা কী হবে এবং এ জনবলের বেতন-ভাতা কে দেবে—এসব বিষয়ে সিদ্ধান্ত বাকি। সংস্থার বাণিজ্য পরিচালক এস এম আশিকুজ্জামান জানান, নতুন দুটি জাহাজ পাওয়ার কথা ছিল ২০১৮ সালে, কিন্তু আর্থিক সংকটে নির্মাতা সময়মতো হস্তান্তর করতে পারেনি। পদ্মা সেতু চালুর সময় নির্মাণ অনেক দূর এগিয়ে যাওয়ায় বিকল্প কিছু ভাবা যায়নি।