স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে একই দিন ওই হাসপাতালে মন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটির চিকিৎসা করা হয়েছে ডায়ালেশন পদ্ধতিতে, অর্থাৎ বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করে।
অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা সম্পন্ন করেন। স্বাস্থ্যমন্ত্রীর দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিকল্প থাকলেও তিনি দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে এর বেশি কোনো তথ্য জানা যায়নি।