সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের সদরপুরে পদ্মার চরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের ১৩৯টিই পরিত্যক্ত, অপচয় প্রায় ২ কোটি টাকা

ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত তিনটি আশ্রয়ণকেন্দ্রের বেশির ভাগ ঘরে এখন কেউ থাকেন না; বরাদ্দে অনিয়মের অভিযোগ করছেন নিবাসীরা।

ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীর চরে পাশাপাশি তিনটি আশ্রয়ণকেন্দ্র গড়ে তোলা হয়েছিল। ২৩০টি পরিবারের জন্য নির্মিত ২৩০টি ঘরের মধ্যে নির্মাণের ১০ বছরের মাথায় ১৩৯টিই এখন পরিত্যক্ত। এতে দুই কোটি টাকার বেশি সরকারি অর্থ কাজে না আসার প্রশ্ন উঠেছে।

আশ্রয়ণকেন্দ্রগুলো আকোটের চর ইউনিয়নের কাদের শেখের ডাঙ্গী এলাকায়। প্রথমটি ২০১৬-১৭ অর্থবছরে নির্মিত; এর ৭০টি ঘরের মধ্যে ৩৩টিতে নিবাসীরা আছেন, বাকি ৩৭টি পরিত্যক্ত বা তালাবদ্ধ। উপজেলা পরিষদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে ১০০টি ঘর নির্মাণে ব্যয় হয় ১ কোটি ৫০ লাখ টাকা; এখন ৫৮টিতে লোক থাকেন, ৪২টি পরিত্যক্ত। ২০১৮-১৯ অর্থবছরে ৬০টি ঘর হয় ৯০ লাখ টাকায়; সবগুলোই এখন পরিত্যক্ত।

উপকারভোগীদের ভাষ্য, প্রতিটি ঘর নির্মাণে দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়েছে। দেড় লাখ টাকা হিসাবে ২৩০ ঘরের মোট ব্যয় দাঁড়ায় ৩ কোটি ৪৫ লাখ টাকা। পরিত্যক্ত ১৩৯টি ঘরের হিসাবে অপচয় প্রায় ২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা, যা মোট বরাদ্দের ৬০ দশমিক ৪৩ শতাংশ।

বর্তমান নিবাসীরা বলছেন, ঘর বরাদ্দের সময় তাঁদের বলা হয়েছিল, আদর্শ গ্রামের আদলে ঘর হবে, জমিসহ ঘরের দলিল দেওয়া হবে, রাস্তা, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র থাকবে এবং সমবায় পদ্ধতিতে মৎস্যচাষ ও গোচারণের ব্যবস্থা করা হবে। বাস্তবে তা হয়নি। বসবাসের উপযোগী পরিবেশ না থাকায় অনেকে অন্যত্র চলে গেছেন। তাঁদের অভিযোগ, দুর্নীতির মাধ্যমে সচ্ছল পরিবারকেও ঘর দেওয়া হয়েছে; যাঁরা এখানে থাকতে আসেননি, এমন ৬০টি ঘর শুরু থেকেই ফাঁকা।

নিবাসী সুজন কাঠুরিয়া বলেন, যেসব ঘরে লোক থাকেন না, তাঁদের সবার বাড়িঘর ও জমি আছে; রাজনৈতিক বিবেচনায় তাঁরা বরাদ্দ পেয়েছেন। সচেতন নাগরিক কমিটির (সনাক) ফরিদপুর শাখার সভাপতি শিপ্রা রায় বলেন, এ ধরনের প্রকল্প সরকারি অর্থের অপচয়। বরাদ্দ পেয়েও যাঁরা ঘর ব্যবহার করছেন না, তাঁদের বরাদ্দ বাতিল করা এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।