বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

রাজধানীর মিরপুরে আলিফ পরিবহণের বাসে গুলি ও অগ্নিসংযোগ

মালিকানা দ্বন্দ্বের জেরে হামলার আশঙ্কা, তদন্তে পুলিশ

বাস পুড়ছে
ছবি: বিপি ইলাস্ট্রেশন

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় যাত্রীবাহী আলিফ পরিবহণের একটি বাসে গুলি চালানো ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের কাছে এ হামলায় আতঙ্কে যাত্রীরা প্রাণ বাঁচাতে ছুটোছুটি করেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে সেনপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা আলিফ পরিবহণের একটি বাস লক্ষ্য করে গুলি চালায় এবং পরে তাতে আগুন ধরিয়ে দেয়।

ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বাসটির মালিকানা নিয়ে চলমান দ্বন্দ্বের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।

বাসের চালক, সহকারী এবং যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকজন ব্যক্তি রাস্তার ধারে হাতের ইশারা দিয়ে বাসটি থামতে বলে। বাস থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। আতঙ্কে যাত্রীরাও বাস থেকে নেমে যান। ঠিক সেই মুহূর্তে দুর্বৃত্তরা বাসের সামনের কাচে কয়েক রাউন্ড গুলি চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে জানতে চাইলে ওসি জানান, সম্প্রতি আলিফ পরিবহণ থেকে কয়েকজন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। ক্ষোভের বশে ওই কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে বাস মালিকদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় বাস মালিক কর্তৃপক্ষকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি পুলিশ। এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।