সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ডিসেম্বরের মাঝামাঝি ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা: ইউজিসি চেয়ারম্যান

বাংলা ও ইংরেজির বাইরে চীনা, কোরীয়, জাপানি, জার্মান ও আরবির মতো ভাষার চাহিদা বাড়ায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শেখানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫০টি বিশ্ববিদ্যালয়ে এ বছরের ডিসেম্বরের মাঝামাঝি তৃতীয় ভাষা শিক্ষা চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পর প্রাথমিকেও তৃতীয় একটি ভাষা পাঠ্যক্রমে যুক্ত করা হবে। প্রাথমিকে এর শুরু হবে ক্লাস ফোর ও ফাইভ থেকে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা চালুর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরেকটি বিদেশি ভাষা রাখার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মাতৃভাষা হিসেবে বাংলা ও দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি বাধ্যতামূলকভাবে পড়ানো হয়। একসময় বিদেশে পড়াশোনা ও উচ্চশিক্ষার জন্যই তৃতীয় ভাষার প্রয়োজন সীমাবদ্ধ ছিল। কিন্তু গত দেড় দশকে পরিস্থিতি বদলেছে; এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানে বিদেশে কর্মসংস্থানের জন্য চীনা, কোরীয়, জাপানি, আরবিসহ নানা ভাষা শেখানো হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আফজাল হোসেন বলেন, ইংরেজির বাইরে অন্য বিদেশি ভাষা দেশে ও দেশের বাইরে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, তাই তরুণেরা এসব ভাষা শিখতে আগ্রহী। তাঁর ভাষ্য, বাংলাদেশে কাজ করা বহুজাতিক ও বিদেশি প্রতিষ্ঠানও জাপানি, চীনা ও কোরীয় ভাষায় দক্ষ তরুণদের কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, বিভিন্ন দেশের শ্রমবাজারে কর্মীর চাহিদা থাকলেও ভাষাগত দক্ষতার অভাবে অনেক ক্ষেত্রে বাংলাদেশের কর্মীরা পিছিয়ে পড়ছেন। ফলে বিদেশি ভাষা শেখাকে এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবেও দেখা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউটে বর্তমানে চীনা, জাপানি, ফরাসি ও ইংরেজি ভাষায় অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে।