নিখোঁজের দুই দিন পর নাটোরের বড়াইগ্রামের একটি ধানক্ষেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে বনপাড়ার আমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানক্ষেতে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাঁকে উদ্ধার করেন। উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
হৃদয় আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামে। তিনি ক্যাম্পাস-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার একটি মেসে থাকতেন।
স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন শুক্রবার রাজশাহীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ তদন্তে তাঁর মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান রাজশাহী শহরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করেছিল।
উদ্ধারের খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। হাসপাতালের চিকিৎসক ডা. আনসারুল হক জানান, শিক্ষার্থীর চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী এখনো কথা বলতে পারছেন না। তাই তিনি কীভাবে সেখানে পৌঁছালেন, তা জানা সম্ভব হয়নি। রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানার পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জেনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।