চলতি আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের সংগ্রহমূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ২৯ জন বিশিষ্ট নাগরিক। এক বিবৃতিতে তাঁরা অভিযোগ করেন, কৃষকদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে এই দাম ঠিক করা হয়েছে, যা বাজারদরের চেয়ে কম। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরও কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন বলে তাঁদের আশঙ্কা।
গত ৮ নভেম্বর সরকার চলতি আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়।
বিবৃতিতে বলা হয়, গত বছরের তুলনায় ধানের সংগ্রহমূল্য কেজিতে ১ টাকা বাড়ানো হলেও সেদ্ধ ও আতপ চালের দাম ১ টাকা কমানো হয়েছে। অথচ সার, ডিজেল ও সেচের খরচ বেড়েছে এবং সারের সংকটও রয়েছে। সব মিলিয়ে কৃষকের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে; কিন্তু দাম নির্ধারণে এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়নি।
নাগরিকেরা বলেন, সরকারি সংগ্রহমূল্য বাজারদরের চেয়ে কম হওয়ায় প্রকৃত কৃষকেরা ক্ষতির মুখে পড়বেন। অনেক কৃষক ঋণ নিয়ে আবাদ করেন, ফলে এই ক্ষতি কাটিয়ে ওঠা তাঁদের পক্ষে কঠিন। এর প্রভাব আগামী বোরো মৌসুমে ধান উৎপাদনের ওপরও পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
বিবৃতিতে সংগ্রহমূল্য নির্ধারণের আগে কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিনিধি নির্বাচনে বিভিন্ন কৃষি-প্রতিবেশ অঞ্চলের পাশাপাশি নারী, আদিবাসী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। ছোট, মাঝারি, প্রান্তিক ও নারী কৃষকদের জন্য প্রয়োজন অনুযায়ী মূল্য-সমর্থন ও ভর্তুকি নিশ্চিত করা এবং আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অন্তত দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন তাঁরা।