প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে শেরপুরে নির্মিত আধুনিক জেলা কসাইখানা উদ্বোধনের পাঁচ মাস পেরিয়ে গেলেও ব্যবহার করা হচ্ছে না। সেখানে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা ও গোসলের ব্যবস্থা, মাংস প্রক্রিয়াজাত করার আধুনিক যন্ত্রপাতি ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা আছে। আছেন প্রশিক্ষিত কর্মী, ধর্মীয় রীতি পালনের ব্যবস্থাও রয়েছে। নেই শুধু কসাইদের আনাগোনা।
শেরপুর শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় প্রায় ৫০ শতক জমির ওপর নির্মিত স্থাপনাটি অনেকটা অচল অবস্থায় পড়ে আছে। শহরের বিভিন্ন বাজারের কসাইদের অভিযোগ, তাঁদের সঙ্গে আলোচনা না করেই কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। শহর থেকে দূরে হওয়ায় পশু পরিবহন ও মাংস বাজারে আনার বাড়তি ভোগান্তির কারণে তাঁরা সেখানে যেতে আগ্রহী নন।
ফলে শহরের বাজারগুলোতে আগের মতোই যত্রতত্র পশু জবাই ও মাংস বিক্রি চলছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হক ভূঁইয়া বলেন, আন্তর্জাতিক মানের এই কসাইখানা চালু হলে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত হবে এবং পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, শহরের কয়েকটি বাজারের মাংস ব্যবসায়ীরা সেখানে যেতে চাইছেন না এবং তাঁদের বোঝানোর চেষ্টা চলছে। তাতে কাজ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তাঁর ভাষ্য, ভেটেরিনারি সার্জনের উপস্থিতিতে সব নিয়ম মেনে কসাইখানায় সুস্থ ও সবল পশু জবাই করতে হবে।