রঙিন পোশাকে সজ্জিত নারী-পুরুষের আনন্দ শোভাযাত্রা, ঢাকঢোলের তালে ঐতিহ্যবাহী নৃত্য আর লোকসংগীতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা। শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর বাগানপাড়া এলাকার উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন হয়।
উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরসহ বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অংশ নেন। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, সাংস্কৃতিক পরিবেশনা ও জীবনধারার বৈচিত্র্যে উৎসব প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
উৎসবের শুরুতে বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী-পুরুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করা হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, লবাণ উৎসবের সঙ্গে নবান্ন, কৃষিনির্ভর জীবনযাত্রা এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার অনুভূতি জড়িয়ে আছে। নতুন ফসল ঘরে তোলার আনন্দ ও মাটির সঙ্গে মানুষের সম্পর্ক উৎসবের বিভিন্ন পর্বে ফুটে ওঠে।
সাংস্কৃতিক পর্ব ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, লোকসংগীত ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। বিশেষ করে মাল-পাহাড়িয়া জনগোষ্ঠীর পরিবেশনায় তাদের নিজস্ব সংস্কৃতি ও জীবনবোধের পরিচয় মেলে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরের বিভিন্ন সাংস্কৃতিক দল নাচ-গান পরিবেশন করে।
আলোচনা পর্বে বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ হিসেবে তুলে ধরেন এবং পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্ব দেন। আয়োজকরা বলছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এসব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এমন উৎসবের আয়োজন।