শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

৩১ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে, স্থায়ীভাবে বন্ধ করতে সিমেন্ট প্রয়োগের পরিকল্পনা

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন শুক্রবার সকালে দেশীয় প্রযুক্তিতে নিয়ন্ত্রণে এনেছে বাপেক্সের বিশেষজ্ঞ দল।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন ৩১ দিন পর নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সংস্থাটির বিশেষজ্ঞ দল দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাপেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আগুন নিয়ন্ত্রণের মূল অভিযান শুরু হলেও আলোকস্বল্পতার কারণে সন্ধ্যায় তা স্থগিত করা হয়। শুক্রবার সকাল ৭টায় আবার শুরুর পরিকল্পনা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু করা যায়নি। ত্রুটি মেরামত, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুত শেষে সকাল ৯টার দিকে অভিযান নতুন করে শুরু হয়।

বাপেক্স সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে গত ১৪ দিন ধরে ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে ৫৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ করেছে। প্রতিদিন প্রায় ১৯ ঘণ্টা পর্যন্ত নিরবচ্ছিন্ন প্রস্তুতি ও কারিগরি কার্যক্রম চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী গভীরে পাইপ স্থাপন করে উচ্চচাপে বিশেষ কাদামিশ্রিত তরল প্রবেশ করিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, পুরো অভিযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জ্বলন্ত গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা। দেশীয় প্রযুক্তি ও বাপেক্সের নিজস্ব দক্ষতায় কাজটি করায় সম্ভাব্য ব্যয় দাঁড়িয়েছে ১ থেকে ২ কোটি টাকা। বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হলে এ কাজে ১০০ থেকে ১৫০ কোটি টাকা ব্যয় হতে পারত বলে তাঁরা জানান।

আগুন নিয়ন্ত্রণে আসার পর পরবর্তী ধাপে সিমেন্ট প্রয়োগের মাধ্যমে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। সেই কাজ শেষ হলেই পুরো কার্যক্রমের চূড়ান্ত সমাপ্তি ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, দীর্ঘ ৩১ দিন পর বাপেক্সের বিশেষজ্ঞ দলের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি সংশ্লিষ্ট সব সংস্থা ও কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান। গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।