জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।
তুরস্কের আন্তালিয়ার একটি হোটেলে স্থানীয় সময় মঙ্গলবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশ নেওয়ার প্রথম দিন জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। এমিনে এরদোয়ান জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সম্ভাব্য সহযোগিতা এবং নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জলবায়ুর নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের মানুষের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান।
শামা ওবায়েদ ইসলাম আরও জানান, এমিনে এরদোয়ান বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ ও পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্য তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, এমিনে এরদোয়ান এর আগে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালের সফরের স্মৃতিচারণা করে এমিনে এরদোয়ানও সুবিধাজনক সময়ে আবার বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন।