মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজ্যের রাজধানী সিত্তুয়ের উত্তর-পূর্বে পোনাগিউন এলাকার বিয়ার লা শিবিরে এ হামলা হয়। প্রত্যক্ষদর্শী ও একজন উদ্ধারকর্মী শনিবার এ তথ্য জানিয়েছেন। হামলায় আরও ১৮ জন আহত হয়েছেন।
নিহতের সংখ্যা ১২ বলে নিশ্চিত করেছেন উদ্ধার ও জরুরি সেবা সংস্থা ফিউসিন ইয়িন খুইন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাইন হেইন হটেট। তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে। শিবিরের অনেক বাসিন্দা প্রায় চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন। ২৪ বছর বয়সী ওই উদ্ধারকর্মী বলেন, ‘তাঁরা নিরাপদ মনে করেই সেখানে একসঙ্গে আশ্রয় নিয়েছিলেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, বেশির ভাগ ভুক্তভোগী এক জায়গাতেই মারা গেছেন।’ তাঁর ভাষ্য, এটি যুদ্ধক্ষেত্র ছিল না এবং শিবিরটি লক্ষ্যবস্তু হবে বলে তাঁরা কখনো ভাবেননি।
হামলায় মেয়ে, খালা ও মাকে হারিয়েছেন ২৭ বছর বয়সী দোকানি চিত সু ওয়াই। তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিমানের কোনো শব্দ শুনিনি; বিমানটি হঠাৎ এসে বোমা ফেলে চলে যায়। এতে আমাদের পরিবার ভেঙে গেছে।’ শনিবার গ্রামটির বাঁশের ঘরগুলো ভেঙে পড়ে ছিল; ধ্বংসাবশেষের মধ্যে একটি উল্টে যাওয়া গাড়ি এবং ঘরের জিনিসপত্র ও কাপড়চোপড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। স্থানীয়রা আগেই মরদেহগুলো হলুদ ও লাল প্লাস্টিকে মুড়ে অস্থায়ী কবরে দাফন করেছেন। ৪৫ বছর বয়সী টুকটুকচালক আং কিয়াউ মিন ভাই ও বোনের খোঁজে ওই গ্রামে ছুটে যান।
পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত। গণতন্ত্রকামী কর্মী ও সংখ্যালঘু জাতিগোষ্ঠীর গোষ্ঠীগুলো সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে, যারা দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক অঞ্চলে প্রভাব রাখছে। যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি পশ্চিম উপকূলীয় রাখাইন, যা প্রায় পুরোটাই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সামরিক বাহিনী রাজ্যটি অবরোধ করে রেখেছে এবং নিয়মিত বিমান হামলা চালাচ্ছে। সর্বশেষ হামলা নিয়ে মন্তব্যের জন্য সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।