শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল সাধারণ মানুষ পাচ্ছে না, স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ রাষ্ট্রপতির

দন্তচিকিৎসা-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনে রাষ্ট্রপতি বলেন, উপজেলা পর্যায়ে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে, ফলে মানুষ হাতুড়ে চিকিৎসকের কাছে যেতে বাধ্য হয়।

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর জোর দিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’ তাঁর ভাষ্য, চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের পক্ষে সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ তা বহন করতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।

সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে; ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকের কাছে যায়। এ জন্য তিনি প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর অন্য কোনো প্রশিক্ষণ বা অন্য কাজে চলে যান। এই মন-মানসিকতার পরিবর্তন দরকার।’ স্বাস্থ্য খাতের বিভিন্ন অব্যবস্থাপনা রোধে দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বানও জানান তিনি।