দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তর বুধবার জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত এই হিসাব ধরা হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৯ জনে।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ২০৫ জন।
গত ২৪ ঘণ্টার মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ছয়জন ঢাকা বিভাগের। চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে এ সময়ে কোনো মৃত্যুর খবর নেই।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮১৬ জন, চট্টগ্রামে ৩১৩, রাজশাহীতে ২১৭, খুলনায় ২১৪, বরিশালে ১৯৪, রংপুরে ১১৬, ময়মনসিংহে ৮৪ এবং সিলেটে ২৮ জন রয়েছেন।
বিভাগভিত্তিক বছরের হিসাবে ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) সর্বোচ্চ ১৯২ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে মারা গেছেন ৭৭ জন, চট্টগ্রামে ৪০, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৯, রাজশাহীতে ২৮, রংপুরে সাতজন এবং সিলেটে তিনজন। ভর্তির হিসাবেও ঢাকা বিভাগ শীর্ষে, এ বছর সেখানে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৯৪৮ জন। রাজশাহী বিভাগে চলতি বছর ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৮৭৫।