রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঢাকা উত্তর সিটিতে প্রায় ৫১ কোটি টাকায় ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, মিরপুর-বাড্ডা-বনানীসহ যেসব এলাকায় হচ্ছে

উন্নয়ন প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন; অনুমোদনের আগে স্থান বদলাতে পারে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি।

ডিএনসিসির প্রকৌশল বিভাগের পরিবেশ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাঠ নির্মাণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনে মাঠ নির্মাণের স্থান পরিবর্তন হতে পারে। প্রাথমিকভাবে ১২টি মাঠ নির্মাণের পর সেগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য এলাকায়ও এমন মাঠ করার পরিকল্পনা রয়েছে।

মাঠের আকার ও সুযোগ-সুবিধার ভিত্তিতে তিন শ্রেণির ফুটসাল মাঠের পরিকল্পনা করা হয়েছে। টাইপ-এ শ্রেণির মাঠে খেলার জায়গার পাশাপাশি দর্শকদের জন্য গ্যালারি থাকবে। টাইপ-বি শ্রেণির মাঠে গ্যালারি না থাকলেও শৌচাগার ব্লক থাকবে। টাইপ-সি শ্রেণির মাঠে থাকবে শুধু খেলার জায়গা। প্রস্তাবিত ১২টি মাঠের মধ্যে সাতটি টাইপ-এ, চারটি টাইপ-বি এবং একটি টাইপ-সি।

টাইপ-এ শ্রেণির সাতটি মাঠ হবে ২ নম্বর ওয়ার্ডের মিরপুরের সেকশন-১২-এর কেন্দ্রীয় ঈদগাহ ও খেলার মাঠে (লাল মাঠ), ৩৭ নম্বর ওয়ার্ডের বাড্ডার খেলার মাঠে, ৪৪ নম্বর ওয়ার্ডের পলাশিয়ার খেলার মাঠে, বারিধারা পার্কে, বনানীর ব্লক-সি পার্কে, মোহাম্মদপুরের শ্যামলী পার্কে এবং রায়েরবাজারের বৈশাখী খেলার মাঠে। এর মধ্যে বাড্ডা ও পলাশিয়ার মাঠে শৌচাগার ব্লক নির্মাণেরও প্রস্তাব রয়েছে।

এ ছাড়া মিরপুরের কালশী উড়াল সড়কের নিচের খালি জায়গায় আলাদা একটি ফুটসাল মাঠ করার পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি। সংস্থাটি নিজস্ব অর্থায়নে এ মাঠ তৈরি করবে; নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন।

ফুটসাল ফুটবলেরই একটি ছোট পরিসরের সংস্করণ, যেখানে সাধারণত ছোট ও নির্দিষ্ট সীমানায় ঘেরা মাঠে দুই দলের পাঁচজন করে খেলোয়াড় অংশ নেন। কম জায়গায় খেলা যায় বলে শহরের সীমিত পরিসরে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ তৈরিতে এ ধরনের মাঠ কার্যকর হতে পারে।