কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়। জব্দ করা অলিভ অয়েলের সিজার মূল্য এক লাখ টাকার বেশি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ও ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদের উপস্থিতিতে ফুটপেট্রোল চলছিল। এ সময় ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ফুটপেট্রোল দল কুড়িগ্রামের দিকে যাওয়া একটি নছিমনকে থামার সংকেত দেয়। নছিমনটি সংকেত অমান্য করে দুটি সাদা বস্তা ফেলে দ্রুতগতিতে পালিয়ে যায়।
পরে বস্তা দুটি খুলে তার ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামাল জিডিমূলে জব্দ করে থানায় জমা রাখা হয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, চোরাকারবারে জড়িতদের তথ্য উদ্ঘাটন এবং জব্দ করা মালামালের সঠিক মালিকানা নির্ধারণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, চোরাচালান, মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে নিয়মিত ফুটপেট্রোল ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।