ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার নিবন্ধনে আবেদনকারীর কাছ থেকে বাড়তি চার ধরনের তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আবেদনকারী কোন এলাকার বাসিন্দা, তাঁর পেশা কী, মাসিক আয় কত এবং তিনি নিজেই ই-রিকশা চালাবেন কি না—এসব তথ্য ফরমে উল্লেখ করতে হবে। মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এই চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম জানান, ফরমে অতিরিক্ত চার বিষয় যুক্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর ফরম ছাপানোর কাজ শুরু হবে। ফরমের দাম কত হবে, সে বিষয়েও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চাওয়া হয়েছে; কারণ, ই-রিকশা চলাচল বিধিমালায় ফরমের দাম নির্ধারণের কথা বলা নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফরমের দাম ১০০ টাকা নির্ধারণ করেছে।
পরিকল্পনা অনুযায়ী উত্তর সিটি তাদের ১০টি অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রির কথা ভাবছে। অঞ্চলগুলোকে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের চারটি বিভাগের সঙ্গে সমন্বয় করা হবে এবং চার অঞ্চলের জন্য চার রঙের আলাদা ফরম থাকবে। কতটি ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ডিএমপির ট্রাফিক বিভাগ এ বিষয়ে জরিপ করছে; তাদের সুপারিশের ভিত্তিতে প্রতিটি জোনে কতটি ই-রিকশা চলতে পারবে, তা নির্ধারণ করা হবে। ফলে ফরম বিতরণের প্রাথমিক পরিকল্পনাও বদলাতে পারে।
সিটি করপোরেশনের পরিকল্পনা অনুযায়ী আগ্রহীরা আগে ফরম সংগ্রহ করতে পারবেন, তবে বাহন না কিনে আবেদন জমা দেওয়া যাবে না। আবেদনে ই-রিকশার নম্বর, ইঞ্জিন, চেসিস, মোটর ও ব্যাটারির নম্বর উল্লেখ করতে হবে। নিবন্ধনের অন্যতম শর্ত হলো, বাহনটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত সাতটি প্রতিষ্ঠান নির্ধারিত নকশায় ই-রিকশা উৎপাদনের অনুমতি পেয়েছে; এর মধ্যে পাঁচটি উৎপাদন শুরু করেছে। নিবন্ধনপ্রক্রিয়া শুরুর আগে ই-রিকশার সংখ্যা নির্ধারণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন এবং ট্রাফিক বিভাগের সঙ্গে এলাকার সীমানা সমন্বয়ের কাজও করছে সিটি করপোরেশন।