বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘রাবি সংস্কার আন্দোলন’ নামে নতুন সংগঠন, ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে গঠিত সংগঠনের আহ্বায়ক রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মার, সদস্য সচিব আরিফ আলভি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ও অধিকার আদায়ের লক্ষ্যে ‘রাবি সংস্কার আন্দোলন’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটি পরিচালনার জন্য ১৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ আলভি।

কমিটির যুগ্ম সদস্য সচিব আবিদা সুলতানা। মুখপাত্র হয়েছেন সিহাব শাহরিয়ার এবং সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস। দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব। প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম ও সহ-প্রচার সম্পাদক উসামা বিন সিহাব। কর্মসূচি ও আন্দোলন সম্পাদক সায়মুল ইসলাম এবং সহ-সম্পাদক ফাহিম ফয়সাল সাদিক।

কমিটির অন্যান্য পদে আছেন সাংস্কৃতিক সম্পাদক অনামিকা আলম, সহ-সাংস্কৃতিক সম্পাদক সনেট সেন, ক্রীড়া সম্পাদক রাহী সরকার, সহ-ক্রীড়া সম্পাদক মেহরাব শিকদার, আইন সম্পাদক আবু সাঈদ ও সহ-আইন সম্পাদক পলাশ মিয়া। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদমান সামি ও হালিমাতুস সাদিয়া।

সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে আহ্বায়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমাদের এই সংগঠন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে। এতে নিষিদ্ধ সংগঠনের কর্মী ছাড়া যেকোনো সংগঠনের সক্রিয় কর্মীরা অংশগ্রহণ করতে পারবেন।’

তিনি আরও জানান, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়কে সামনে রেখেই সংগঠনটি কাজ করবে। আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।