শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুপাতো দুই শিশুবোনের মৃত্যু

শুক্রবার সন্ধ্যার আগে টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঘটনাটি ঘটে; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু দুটি সম্পর্কে মামাতো-ফুপাতো বোন। তাদের একজনের বয়স তিন বছর, অন্যজনের আড়াই বছর। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকার লোকজন শোকাহত।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার আগে টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঘটনাটি ঘটে। কিছুদিন আগে ঢাকায় স্বামীর বাড়ি থেকে মেয়েকে নিয়ে বাবার বাড়ি দেবীগঞ্জে বেড়াতে এসেছিলেন এক নারী। শুক্রবার বিকেলে দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তিন বছর বয়সী শিশুটিকে অচেতন অবস্থায় ভাসতে দেখেন তাঁরা। তাকে তুলতে স্বজনেরা পানিতে নামেন। এ সময় শিশুটির মামী ও অপর শিশুর মায়ের পায়ে পানির নিচে অন্য শিশুর শরীর লাগে। পরে তাকেও পানি থেকে তোলা হয়। দুই শিশুকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুকুরপাড়ে জলপাইগাছ থাকায় জলপাই কুড়াতে গিয়ে শিশু দুটি পানিতে পড়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনেরা।