সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় ৩২ বছর পর উদ্ধার ৫০ কোটি টাকার জেলা পরিষদের জমি, ২৩টি দোকান উচ্ছেদ

উচ্চ আদালতের রায়ের পর স্টেশন রোডে ৩০ শতক জমির দখল বুঝে নিয়েছে কুমিল্লা জেলা পরিষদ।

কুমিল্লা নগরীর স্টেশন রোডে ৩২ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার করেছে কুমিল্লা জেলা পরিষদ। উচ্চ আদালতের রায়ের পর উচ্ছেদ অভিযান চালিয়ে জমির দখল বুঝে নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়ার নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযানে জমির ওপর অবৈধভাবে নির্মিত প্রায় ২৩টি দোকান উচ্ছেদ করা হয়। পরে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণ করে জমির দখল নেয় জেলা পরিষদ।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নগরীর বিষ্ণুপুর এলাকার জিয়াউল ইসলাম গত ৩২ বছর ধরে জেলা পরিষদের মালিকানাধীন ওই জমি দখলে রেখেছিলেন। সেখানে তিনি দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ করা হয়েছে। জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন জেলা পরিষদের সঙ্গে তাঁর মামলা চলছিল। সর্বশেষ গত মঙ্গলবার উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেন। সেই রায়ের ভিত্তিতেই সোমবার উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা জানান, তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের দাবি, সরকারি জমিতে দোকান তুলে ভাড়া দিয়ে জিয়াউল ইসলাম দীর্ঘদিন বিপুল অর্থ আয় করেছেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া বলেন, উদ্ধার করা জায়গায় ব্যবসায়ীদের জন্য নতুন করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবন নির্মাণের পর নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়া হবে।