বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক, অনুমোদন ছাড়া মিলবে না বহির্গমন ছাড়পত্র

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় সার্বিয়া, জাপান, ইরাক, ভিয়েতনামসহ ১২ দেশে কাজের জন্য যেতে হলে আগে মন্ত্রণালয়ের নিয়োগ-অনুমতি লাগবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্ব-অনুমোদন ছাড়া ১২টি দেশে কাজের জন্য কর্মী পাঠানোর বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না। রিক্রুটিং এজেন্সিগুলোকে এ বিষয়ে সতর্ক করে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে গতকাল বুধবার (৪ নভেম্বর) তাদের সদস্য এজেন্সিগুলোকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছে। নির্দেশনা অনুযায়ী, ১২টি দেশের যেকোনোটিতে কর্মসংস্থানের জন্য বহির্গমন ছাড়পত্র দেওয়ার আগে এজেন্সিগুলোকে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট কর্মীর জন্য মন্ত্রণালয়ের নিয়োগ-অনুমতি বা অনুমোদন রয়েছে।

দেশগুলো হলো সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসগামী কর্মীদের প্রতারণা, শোষণ ও মানবপাচার থেকে সুরক্ষা দিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব গন্তব্যে চাকরির প্রস্তাবের সঙ্গে ঝুঁকি জড়িয়ে থাকতে পারে, সেখানে এ সতর্কতা জরুরি বলে মনে করা হচ্ছে। কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামে অনলাইন প্রতারণা এবং স্ক্যাম কম্পাউন্ডে জোর করে আটকে রাখার ঘটনা আন্তর্জাতিক পরিসরে আলোচিত হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, চাকরির প্রতিশ্রুতি পেয়ে এসব দেশে গিয়ে কয়েকজন বাংলাদেশি প্রতারণা, শোষণ, আটকে থাকা ও মানবপাচারের শিকার হয়েছেন বলে জানা গেছে।

প্রবাসে চাকরিপ্রার্থীদের প্রতি কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে, আর্থিক লেনদেন বা ভ্রমণের চূড়ান্ত সিদ্ধান্তের আগে যেন নিয়োগ প্রক্রিয়া, সরকারি অনুমোদন ও বহির্গমন ছাড়পত্র যাচাই করে নেওয়া হয়। শুধু ভিসা থাকা কিংবা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চাকরির প্রস্তাব পাওয়া মানেই নিরাপদ ও বৈধ অভিবাসনের নিশ্চয়তা নয়—এ কথাও স্পষ্ট করা হয়েছে।

কর্মীদের নিয়োগকর্তার পরিচয়, চাকরির প্রস্তাবের সত্যতা, কর্মচুক্তি, বেতন-সুবিধা, ভিসার ধরন এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন যাচাই করে তবেই রওনা হতে বলা হয়েছে। দালাল বা মধ্যস্থতাকারীর প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ।