বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজশাহী শহরের কেন্দ্রে অবস্থিত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় একটি নিরাপদ ‘ক্যান্টনমেন্ট’ ছিল। মঙ্গলবার রামেক অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মেডিকেল কলেজ শাখা এ আলোচনা সভার আয়োজন করে। এদিন সকালে রিজভী রাজশাহীতে পৌঁছান। শাহ মখদুম বিমানবন্দরে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। সে সময় মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে তিনি গুরুতরভাবে গুলিবিদ্ধ হন। একই ঘটনায় তাঁর রাজনৈতিক সতীর্থ ও জাসদ নেতা সাজান সিরাজ ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ অবস্থায় রিজভীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রিজভী বলেন, তৎকালীন জ্যেষ্ঠ চিকিৎসক ও শিক্ষকদের নিবেদিত চেষ্টায় তিনি নতুন জীবন ফিরে পান। বিশেষ করে ডা. কায়সার রহমান চৌধুরী, ডা. গোলাম মাওলা চৌধুরী ও ডা. সানারের কথা তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তৎকালীন ইন্টার্ন চিকিৎসক লিটন, সাজ্জাদ ও সাহাবের দিনরাত সেবা ও সাহচর্যের কথাও বলেন। চিকিৎসা দেওয়া শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, এখনো সুযোগ পেলে তাঁদের পা ছুঁয়ে সালাম করেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, রাজশাহী মেডিকেল কলেজ কেবল চিকিৎসার কেন্দ্র ছিল না; তৎকালীন রাজশাহী অঞ্চলের রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলও ছিল। শহরের মাঝখানে অবস্থান হওয়ায় আন্দোলনের সময় রাজনৈতিক নেতাকর্মীরা হাসপাতাল ও কলেজ প্রাঙ্গণকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতেন।
আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার কথা স্মরণ করে রিজভী বলেন, নানা শারীরিক জটিলতার কারণে পরবর্তী সময়েও তাঁকে বারবার এই হাসপাতালে রোগী হিসেবে আসতে হয়েছে।