মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাফিলিয়েটস অংশে শুক্রবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের জন্য অনুমোদিত সবগুলো কেন্দ্রই ঢাকা অঞ্চলে অবস্থিত। এফডব্লিউসিএমএস জানিয়েছে, মালয়েশিয়ায় যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে বাধ্যতামূলকভাবে বায়ো-মেডিক্যাল স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষা ছাড়া ইভিডিআর (বিদেশি কর্মীদের ডিজিটাল নিবন্ধন) আবেদনের প্রক্রিয়া শুরু হবে না।
তালিকায় থাকা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, ফেমাস স্পেশালাইজড হসপিটাল, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, ডেল্টা হেলথ কেয়ার (রামপুরা) লিমিটেড, আইচি হসপিটাল লিমিটেড, ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস লিমিটেড এবং ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। পূর্ণ তালিকা এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সংস্থাটি কর্মীদের সতর্ক করে জানিয়েছে, অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো সেন্টারে যেন স্বাস্থ্য পরীক্ষা করানো না হয়। তাই যাঁরা মালয়েশিয়ায় কাজের প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের পরীক্ষা করানোর আগে অনুমোদিত তালিকা দেখে নিতে হবে।