পিরোজপুরে মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ ঘিরে জামায়াতে ইসলামী একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই বাধায় দলের কেউ জড়িত ছিলেন কি না, তা কমিটি খতিয়ে দেখবে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে পিরোজপুরের সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হবে এর সঙ্গে জামায়াতের কেউ জড়িত কি না। কমিটির দুই সদস্য হলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন) ও নূরুল ইসলাম বুলবুল।
গত শনিবার মানিক পশারী মারা যান। তাঁকে পিরোজপুরে গার্ড অব অনার দেওয়াকে কেন্দ্র করে সেদিন উত্তেজনা দেখা দেয়। তাঁর দাফনেও বাধা দেওয়ার ঘটনা ঘটে; স্থানীয় কিছু লোক তাঁকে সেখানে দাফন না করার দাবি জানান।
পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক বলেন, মানিক পশারীর দাফনে তাঁদের কোনো বাধা ছিল না, তবে কোনো সহযোগিতাও ছিল না। কাদের ছত্রচ্ছায়ায় ও প্রশাসনের সহযোগিতায় দাফন হয়েছে, তা তাঁরা জানেন না বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রাজ্জাক দাবি করেছিলেন, মানিক পশারী মুক্তিযোদ্ধা নন, অথচ তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়েছে; এর প্রতিবাদ করেছেন তাঁরা।