ময়মনসিংহের ভালুকা উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় এ চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ভালুকা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
গত রোববার ইউএনও মো. ফিরোজ হোসেন প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটির সভাপতিদের এ চিঠি দেন। এতে বলা হয়, শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার অনুরোধ করা হলো।
তবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি বা উপজেলা প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকেরা। তাঁরা বলছেন, বেতন-ভাতাসংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে কেবল শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তর।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় ভালুকায় গড় পাসের হার ৬০ দশমিক ৭৮ শতাংশ। কিন্তু শহীদ কুতুব উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে ৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে নয়জন, পাসের হার ২৪ শতাংশ। পাঁচগাঁও সানরাইজ উচ্চবিদ্যালয়ে ৩৯ জনের মধ্যে নয়জন পাস করেছে (২৩ শতাংশ), মোস্তফা মতিন উচ্চবিদ্যালয়ে ২০ জনের মধ্যে পাঁচজন (২৫ শতাংশ)।
উপজেলায় দাখিল পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে ধামশুর নুরানী দাখিল মাদ্রাসায় ৩৭ জনের মধ্যে ছয়জন পাস করেছে (১৬ দশমিক ২২ শতাংশ), রাজৈ স্বজনগাঁও দাখিল মাদ্রাসায় ২০ জনের মধ্যে পাঁচজন (২৫ শতাংশ) এবং মেদুয়ারী দাখিল মাদ্রাসায় ২৭ জনের মধ্যে চারজন (১৪ দশমিক ৮১ শতাংশ)। কারিগরি বোর্ডের অধীন সাতটি প্রতিষ্ঠানের গড় পাসের হার ৭৭ দশমিক ৬৯ শতাংশ হলেও বাটাজোড় বিএম উচ্চবিদ্যালয়ে ২৭ জনের মধ্যে সাতজন পাস করেছে (২৫ দশমিক ৯২ শতাংশ)।
মোস্তফা মতিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। আগের বছরগুলোতে তাঁদের ফল ভালো ছিল, এমনকি শতভাগ শিক্ষার্থীও পাস করেছে। এবার শিক্ষার্থীদের দুর্বলতাই খারাপ ফলের প্রধান কারণ বলে তিনি মনে করেন। বেতন-ভাতা স্থগিতের চিঠি নিয়ে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত তাঁরা প্রত্যাশা করেননি এবং বেতন-ভাতা বন্ধ করার এখতিয়ার উপজেলা প্রশাসনের আছে কি না, তা নিয়ে তাঁদের প্রশ্ন আছে।