রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় দুজন নিহত হয়েছেন। রোববার সকাল ৬টায় উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের দায়িত্ব নেয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রোববার ভোরে গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের ইমাম বিষয়টি বুঝতে পেরে মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। এরপর ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন।
ধাওয়া খেয়ে ওই দুজন অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাঁদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলের মধ্যে আটক করেন। সেখানে তাঁদের গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে গঙ্গাচড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ লাশের দায়িত্ব নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। নিহত দুজনের নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানতে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন টিমকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে ঘটনার বিস্তারিত জানা যাবে।