সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

আনতালিয়ায় আজ শুরু কপ৩১, জলবায়ু অর্থায়নে অনুদান ও জবাবদিহি চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় ২০ নভেম্বর পর্যন্ত চলবে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন; প্রধানমন্ত্রী তারেক রহমান ১১ ও ১২ নভেম্বরের নেতাদের সম্মেলনে অংশ নেবেন।

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রতিশ্রুত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগের প্রত্যাশা নিয়ে তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় আজ সোমবার শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন, কপ৩১। ১২ দিনের এই সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে প্রায় ১৯৭টি দেশের প্রতিনিধিদল, রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিজ্ঞানী, গবেষক, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, খাদ্যনিরাপত্তা, কৃষির অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানি ও ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। জলবায়ুঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য সম্মেলনটি তাৎপর্যপূর্ণ, কারণ প্রয়োজনের তুলনায় আন্তর্জাতিক সহায়তা অনেক কম। বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছে ঋণের পরিবর্তে অনুদান, অভিযোজন প্রকল্পে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জোরালোভাবে তুলে ধরবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল মঙ্গলবার তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে। তিনি ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় আনতালিয়া লিডার্স সামিটে অংশ নেবেন। সেখানে বাংলাদেশের জলবায়ুঝুঁকি, অভিযোজনের প্রয়োজনীয়তা ও অর্থায়নের ঘাটতির বিষয়গুলো তুলে ধরার কথা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এই সামিটে যোগ দেবেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা প্রাক-শিল্প যুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে এবং ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছিল। তবে কার্বন নিঃসরণ কমানো, অর্থায়ন নিশ্চিত করা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। তাই এবারের মূল চ্যালেঞ্জ আগের সিদ্ধান্ত বাস্তবায়ন ত্বরান্বিত করা। তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সম্মেলনের সভাপতিত্ব করবেন, আর অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন আলোচনায় নেতৃত্ব দেবেন। সংলাপ, ঐকমত্য ও কার্যকর পদক্ষেপ—এই তিন নীতির ভিত্তিতে সম্মেলন পরিচালনার কথা জানিয়েছে তুরস্ক।